স্পোর্টস রিপোর্টার
থাইল্যান্ডে বাংলাদেশ ফুটবল দলের প্রস্তুতিটা ভালোই হয়েছে। প্রথম প্রস্তুতি ম্যাচে ড্র করলেও গতকাল শনিবার দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে থাইল্যান্ডের ব্যাংকক গ্লাস পাথুম ইউনাইটেড এফসিকে হারিয়েছে।
বাংলাদেশ দল আগের খেলায় ড্রয়ে বাধ্য হয়েছিল। এবার সেটা হয়নি। বড় জয় নিয়েই এশিয়ান কাপ এবং বিশ্বকাপ বাছাইয়ে লাওসের মাঠে খেলতে যাওয়ার আগে প্রস্তুতি শেষ করল বাংলাদেশ। দলটি ৩ জুন লাওস যাবে। লাওসের বিপক্ষে বাংলাদেশের খেলাটি ৬ জুন। ১১ জুন ঢাকায় ফিরতি খেলা।
স্বাগতিকরা কাল সাত মিনিটের ঝড়ে উড়ে গেছে। ব্যাংকক গ্লাস এফসির নিজেদের মাঠ থানিয়াবুরি লিও স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ দ্বিতীয়ার্ধে গোল তিনটি করে। এর মধ্যে দুটি এসেছে স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজের কাছ থেকে। ক্লাব ফুটবলে বসুন্ধরা কিংসের হয়ে খেলা সবুজ ৬৮ মিনিটে গোলের সূচনা করেন ১-০। নতুন সুযোগ পাওয়া আরিফুর রহমান ৭১ মিনিটে গোল করলে ব্যবধান বাড়ে ২-০। ৭৪ মিনিটে আবার গোল করেন সবুজ ৩-০ ।
জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে দুই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ফুটবলারদের সেট করার পরিকল্পনা করেছেন। দুই খেলায় একই খেলোয়াড় না খেলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর চেষ্টা করেছেন। সবুজ প্রথম প্রস্তুতি ম্যাচে একাদশে ছিলেন। এবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বদলি খেলতে নেমে দুই গোল করে কোচের নজরে থাকলেন। শুধু সবুজ নয়, কাল একাদশে ছিলো না বিপলু, মতিন মিয়া, গোলকিপার আশরাফুল রানা, টুটুল হোসেন বাদশা। গোলপোস্টে ছিলেন আনিসুর রহমান হিমেল। নাসির ডিফেন্ডার হিসাবে ভালো করছেন। তার জায়গায় আরো কোনো বিকল্প ভাবছেন না কোচ। কালকের খেলায় একাদশে ছিলেন গোলকিপার হিমেল, সুশান্ত ত্রিপুরা, নাসির চৌধুরী, রাফি, ইব্রাহিম, মামুনুল ইসলাম, সোহেল রানা, ইমন বাবু, রবিউল হাসান, সুফিল, নাবীব নেওয়াজ জীবন।
