শিগগিরই অস্ত্র বিরতি চুক্তি হচ্ছে না

আপডেট : ০১ জুন ২০১৯, ২১:৫৫

তালেবান গ্রুপ শিগগিরই অস্ত্রবিরতি চুক্তিতে যাচ্ছে না। দলটির নেতা শনিবার এমন আভাসই দিয়েছেন। তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা খোলা থাকবে।

কাতারে গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের ষষ্ঠ দফা আলোচনা শেষ হয়। এরপর গ্রুপটির নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার কাছ থেকে ব্যতিক্রমী এ বার্তা আসে। কাতারে উভয়পক্ষে আলোচনা চললেও আফগানিস্তান জুড়ে সংঘাত সহিংসতা অব্যাহত রয়েছে। এছাড়া আলোচনায় অগ্রগতিও হয়েছে খুব সামান্য। আসন্ন ঈদের আগে দেওয়া বার্তায় তিনি বলেন, আলাপ আলোচনার দরজা উন্মুক্তই রাখা হয়েছে। এ মুহূর্তে তালেবানের আলোচক দল মার্কিন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি রমজানের শুরুতেই দেশজুড়ে অস্ত্রবিরতির প্রস্তাব করেছিলেন; কিন্তু তালেবান তা প্রত্যাখ্যান করে। গত বছর ঈদ উপলক্ষে তালেবান তিনদিনের অস্ত্রবিরতি পালন করে। এবারও তাই অনেক আফগানের আশা ছিল আবারও অস্ত্রবিরতির; কিন্তু আখুন্দজাদা বলেন, উত্তপ্ত রণাঙ্গনে কারো উচিত হবে না আমাদের কাছে শীতল পানি চাওয়ার।