কালাই পৌরসভাটি প্রথম শ্রেণিতে উন্নীত হলেও কালাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মোড় থেকে পৌরসভার মুলগ্রাম মহল্লার সিদ্দিক মাস্টার বাড়ি মোড় পর্যন্ত প্রায় চারশ’ মিটার রাস্তাটি বর্তমান অবস্থা অত্যন্ত করুণ দশা। ওই রাস্তাটি প্রায় আট বছর যাবত্ সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় বর্তমান রাস্তার উপরে ঘাস জন্ম নিয়েছে এবং চলাচলের জন্য একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, কালাই পৌরসভার ৭নং ওয়ার্ডের মুলগ্রাম মহল্লাটি পূর্বপাড়া, মধ্যপাড়া ও পশ্চিমপাড়া নিয়ে তিন পাড়ায় মুলগ্রাম মহল্লা। এই মহল্লায় প্রায় দুই হাজার বসবাসকারী বিভিন্ন শ্রেণির মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করেন। এই রাস্তাটির অবস্থা এতই খারাপ হয়েছে যে, সেখানে যানবাহন চলাচল তো দূরের কথা সাধারণ মানুষদের হেঁটে চলাচল করতে তাদের খুব কষ্ট হচ্ছে। ওই রাস্তাটি দুই ধারে বেশির ভাগ স্থানে মাটি সরে গিয়ে সরু হয়েছে। দিন যত যাচ্ছে ওই রাস্তাটি যোগাযোগ পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। এরপরও ওই রাস্তা দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে।
কালাই পৌরসভার ৭নং ওয়ার্ডের মুলগ্রাম মহল্লার বাসিন্দা মোঃ সাজ্জাদুর রহমান, গোলাম আজম, খোকন, তারেক, কামরুল ও সজলসহ অনেকে অভিযোগ করে বলেন, মুলগ্রাম মহল্লার একমাত্র জনগুরুত্বপূর্ণ রাস্তাটি প্রায় আট বছর যাবত্ সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কালাই পৌরসভা। এই রাস্তাটি কার্পেটিং উঠে গিয়ে পাথর, খোয়া, ইট ও বালু বের হয়ে এখন বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে বিভিন্ন যানবাহন চলাচলের সময় এক গর্ত থেকে উঠে আরেক গর্তে পড়ার ফলে যানবাহনের টাল সামলাতে পারছে না চালকরা। এর কারণে অটোভ্যান, ইজিবাইক, বাইক, অটোরিকশা প্রায় সময় উল্টে গিয়ে যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। এই রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
কালাই পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মহসিন বলেন, এই রাস্তাটি সংস্কারের জন্য কোনো বাজেট পাই না বলে সংস্কার করা সম্ভব হচ্ছে না। তবে বাজেট পেলেই সংস্কার করা হবে। কালাই পৌরসভার মেয়র খন্দকার হালিমুল আলম জন বলেন, আমি যতবার ঐ রাস্তা সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছিলাম মুলগ্রাম মহল্লার বাসিন্দারা সংস্কারের বিষয়ে এগিয়ে আসেনি। ঐ রাস্তার দুই ধারে মাটি দিয়ে প্রশস্ত করে সংস্কার করতে হবে। তারা জমি থেকে মাটি কাটতে দিচ্ছে না। আবার অন্য কোথাও থেকে মাটি এনে রাস্তা প্রশস্ত করতে দিচ্ছে না। আর এই কারণেই ঐ রাস্তাটি সংস্কার করা সম্ভব হচ্ছে না।
