সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাল চলচ্চিত্র উৎসবের ২য় আসর শুরু হচ্ছে। সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টায় অনলাইনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে আন্তর্জাল চলচ্চিত্র উৎসব ২.২- এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এতে উপস্থিত থাকবেন সংগঠনটির উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা।
৩দিন ব্যাপী উৎসবটিতে মোট ২৫টি নির্বাচিত চলচ্চিত্র অনলাইনে প্রদর্শন শেষে আগামী বুধবার সমাপ্ত হবে। এছাড়া তরুণ নির্মাতাদের নিয়ে একটি ওয়েবিনার ও অন্যান্য অতিথিদের সাথে আলোচনা অনুষ্ঠিত হবে। উৎসবের সকল আয়োজন সন্ধ্যার পর চলচ্চিত্র সংসদের ফেসবুক পাতা থেকে সরাসরি উপভোগ করা যাবে।
চলচ্চিত্র সংসদের সভাপতি সব্যসাচী নিলয় বলেন, আন্তর্জাল চলচ্চিত্র উৎসবটি একটি অনলাইন-ভিত্তিক আয়োজন। মূলত বাংলাদেশী চলচ্চিত্রগুলো এ উৎসবে প্রদর্শন করা হয়ে থাকে। আশা করি, গত বছরের ন্যায় এবারও উৎসবটি দর্শকদের মনকে ছুঁয়ে যাবে।
এবারের আসরে জুরি সদস্য হিসেবে রয়েছেন- নির্মাতা মোক্তাদির ইবনে সালাম, নির্মাতা রহমত উল্লাহ তুহিন। উৎসব শেষে জুরি সদস্যদের মতামতের ভিত্তিতে সেরা তিন চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে।
