পাংশায় ভুয়া ইউএনও আটক 

  •  
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৬:২৭

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নে সোমবার (২৮ মার্চ) দুপুরে খাবারের হোটেল থেকে চাঁদা আদায়কালে ইউএনও পরিচয়দানকারী শাহরিয়ার জাহান (৪৮) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

শাহরিয়ার জাহান পাংশা পৌর এলাকার নারায়নপুর গ্রামের মুনশী আকবর আলীর ছেলে।  

জানা গেছে, সোমবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের ডন মোড় এলাকায় খয়বার ও কটার খাবারের হোটেলে গিয়ে নিজেকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে হোটেলের ট্রেড লাইসেন্স দেখতে চাইলে হোটেল কর্তৃপক্ষ দেখাতে ব্যর্থ হন। এই সময় দুই হোটেল থেকে ৫০০ করে মোট ১০০০ টাকা চাঁদা আদায় করেন। তবে শাহরিয়ারের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে আটক করে।

ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, স্থানীয়রা বিষয়টি আমাদের জানানোর পরই ঘটনাস্থল থেকে ভুয়া ইউএনওকে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ইত্তেফাক/এআই