ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত দুই

আপডেট : ০১ জুন ২০১৯, ২২:১৩

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরতলীর পূর্বগঙ্গাবর্দী নামক স্থানে গতকাল সকালে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আরো দু’জন আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কে সকল ধরনের যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, গতকাল ভোরে মহাসড়কের পূর্বগঙ্গাবর্দী এলাকায় ঢাকাগামী বনফুল পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরাগামী ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত ও আহত হয় আরো দু’জন। আমরা ঘটনাস্থলে এসে আহত দুজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। তিনি বলেন, এদের মধ্যে নিহত ট্রাক ড্রাইভার ইসলামের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার পরে ঢাকা-খুলনা মহাসড়ক সকল ধরনের যানবাহন চলাচল ঘণ্টাখানেক বন্ধ থাকে। এতে রাস্তার দুই পাশে তীব্র যানযটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি রাস্তার ওপর থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।