সিরাজগঞ্জের তাড়াশে দীর্ঘ দিনের ‘রাজাকার মোড়’ নামে খ্যাত একটি এলাকার নাম পরিবর্তন করে ‘বীর মুক্তিযোদ্ধা’ মোড় হিসেবে নামকরণ করা হয়েছে। সম্প্রতি তাড়াশ পৌরসভার উদ্যোগে ‘বীর মুক্তিযোদ্ধা’ মোড়ের নাম ফলকটি উন্মোচন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
এদিকে রাজাকার মোড়ের নাম বাদ দিয়ে মুক্তিযোদ্ধা মোড় নাম দেওয়ায় উপজেলা প্রশাসনকে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার সহ সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে কামারখন্দের বীর মুক্তিযোদ্ধা গাজী শাহাদত হোসেন ফিরোজী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সুকুমার চন্দ্র দাস বলেন, ‘একাত্তরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে এ দেশের দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়ে মাতৃভূমি স্বাধীনতা লড়াইয়ে। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাঙালি ফিরে পায় তাদের মাতৃভুমির স্বাধীনতা। দীর্ঘদিন থেকে খ্যাত এই রাজাকার মোড়ের নাম ঐতিহাসিক মার্চে পরিবর্তন করে মুক্তিযোদ্ধা মোড় নাম দেওয়াতে আমরা স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনকে জানাই আন্তরিক অভিনন্দন।’
তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আরশেদুল ইসলাম বলেন, ‘এলাকাবাসীর অঘোষিত রাজাকার মোড় নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ ছিল। মাসিক আইনশৃঙ্খলা সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর রাজাকার মোড়ের বীর মুক্তিযোদ্ধা নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মেজবাউল করিম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মোড় নামকরণের মধ্যে দিয়ে মানুষের মুখ থেকে রাজাকার মোড়ের কথা নিপাত গেল।’
এদিকে রাজাকারের মোড় মুক্তিযোদ্ধা মোড়ে পরিণত হওয়ায় জেলার সকল মুক্তিযোদ্ধাদের মাঝে আনন্দ উল্লাসের সৃষ্টি হয়েছে।
