সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভূগর্ভস্থ পানি বিষয়ক পোস্টার উপস্থাপন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৩টায় সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নিচ তলায় বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা পোস্টার উপস্থাপন করেন। এই প্রতিযোগিতায় ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
গত ২২ মার্চ বিশ্ব পানি দিবস উপলক্ষে শিক্ষার্থীদের কাছে পোস্টার আহ্বান করা হয়। প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল 'ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব'।
প্রতিনিয়তই নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। শহর ও গ্রামে ব্যবহৃত গভীর নলকূপ এর একটি বড় কারণ। একই সাথে বৃহৎ কারখানাগুলোতে উৎপাদনের প্রধান কাঁচামাল হচ্ছে পানি। এ সকল পানি আসে মাটির গভীর হতে। এই বিশাল পরিমাণে পানি উত্তোলনের ফলেই মূলত দেখা দিচ্ছে এই সংকট। এ জন্য পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি খুঁজতে হবে বিকল্প উপায়। শিক্ষার্থীদের পোস্টারে এ বিষয়ে সচেতনতামূলক ভাবনা ফুটে ওঠেছে।
পোস্টার উপস্থাপনের সময় উপস্থিত ছিলেন সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মুক্তারুন ইসলাম, অধ্যাপক ড. পিযুষ কান্তি সরকার, অধ্যাপক ড. আলতাফ হোসেন, সহযোগী অধ্যাপক আশুতোষ সিনহা, সহযোগী অধ্যাপক তাহমিনা আক্তার ও সহকারী অধ্যাপক শামীম আহমেদ।
পোস্টার উপস্থাপন শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
