কক্সবাজার সৈকতে জমকালো ‘উন্নয়ন উৎসব’ কাল

আপডেট : ৩০ মার্চ ২০২২, ২১:০১

স্বাধীনতার অর্ধশত বছর পর এসে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ পেয়েছে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরে জাতিসংঘে অনুমোদন পাওয়ার পর এখন উন্নত দেশ হওয়ার কর্মযজ্ঞে রয়েছে বাংলাদেশ। সেই ধারায় অবকাঠামো ও বিনিয়োগে পিছিয়ে থাকা দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ পর্যটন স্থান কক্সবাজারের চিত্রও গত দুই দশকে পাল্টেছে অনেক।

আন্তর্জাতিক বিমানবন্দরে সাগর ছোঁয়া রানওয়ে। মুক্তার আদলে ঝিনুকের মতো রেল স্টেশন। অর্থনীতির গেমচেঞ্জার গভীর সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল, বিশেষ টুরিস্ট জোনসহ আরও নানা কর্মযজ্ঞে দেশের অন্যান্য স্থানের চেয়ে কক্সবাজারের সামগ্রিক উন্নয়ন চোখে পড়ার মতো। ছোট-বড় প্রায় ৮০টি উন্নয়ন প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় তিন লাখ কোটি টাকা।

কক্সবাজারের চলমান এ সফলতা তুলে ধরে বৃহস্পতিবার (৩১) মার্চ সৈকতের লাবণী পয়েন্টে দিনব্যাপী আয়োজন হচ্ছে ‘উন্নয়নের নতুন জোয়ার, বদলে যাওয়া কক্সবাজার’ উৎসব। 

উৎসব বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রাম, ঘুরে দাঁড়ানো বাংলাদেশের ইতিহাস তুলে ধরার পাশাপাশি নানা আয়োজন থাকছে। জমকালো উৎসবটি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে সৈকতে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

ইত্তেফাক/এএএম