মেক্সিকান পণ্যে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা হিতে বিপরীত হতে পারে

আপডেট : ০২ জুন ২০১৯, ০১:০০

মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দেশটি থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৫ শতাংশ শুল্ক আরোপের  যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তা হিতে বিপরীত হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বয়ং রিপাবলিকান পার্টির সিনেটররা। তারা বলেছেন, কানাডা এবং মেক্সিকোর সঙ্গে যে নতুন বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে তা ট্রাম্পের এই ঘোষণার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে।

গতকাল আইওয়ার জনপ্রিয় রিপাবলিকান সিনেটর জনি আর্নেস্ট বলেন, কানাডা এবং মেক্সিকোর সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে বলে একদিন আগেই কংগ্রেসকে জানিয়েছেন প্রেসিডেন্ট নিজে। অথচ এখন তিনি মেক্সিকোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দিলেন। ‘ইউএস-মেক্সিকো-কানাডা এগ্রিমেন্ট’ নামের এই বাণিজ্য চুক্তি দেশগুলোর কৃষিখাতে বৈপ্লবিক সুবিধা বয়ে আনবে বলে তারা মনে করছেন। এই মুহুর্তে মেক্সিকোর ওপর চাপ সৃষ্টি করলে ত্রিদেশীয় এই চুক্তিটিতে তার প্রভাব পড়তে বাধ্য। তার সঙ্গে সুর মিলিয়ে একই কথা বলেছেন দলটির আরো বেশ কয়েকজন সিনেটর।

উল্লেখ্য, শুক্রবার এক টুইটে ট্রাম্প বলেন, আগামী ১০ জুন থেকে মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যে ৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত শুল্কের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে। তিনি বলেন, অক্টোবর পর্যন্ত এই হার ৫ শতাংশ থাকবে। এরপর তা বেড়ে হবে ২৫ শতাংশ। বছরের পর বছর ধরে মেক্সিকো আমাদের সঙ্গে ঠিক ব্যবহার করেনি। এখন আমরা সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের অধিকার দাবি করছি। পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন প্রয়োগের মাধ্যমে মেক্সিকোর ওপর এই নতুন শুল্কারোপ করবেন প্রেসিডেন্ট।