আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, যে সকল শস্য উত্পাদনে পানির ব্যবহার কম হয়, সে সকল ফসল উত্পাদনে কৃষকদের উত্সাহিত করতে হবে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির উদ্যোগে আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘বাতাস দূষণ:আমাদের করণীয় ও পদক্ষেপ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘যে ফসলে পানি কম লাগে, সে ফসলের দিকে নজর দিতে হবে। এক কেজি চাল উত্পাদনে ৩২শ’ লিটার পানি ব্যয় করতে হয়। বরেন্দ্র অঞ্চলে যেখানে সেখানে ডিপ টিউবওয়েল বসানোয় ১০ কিলোমিটার নিচে পানির স্তর নেমে গেছে।’
বেগম মতিয়া চৌধুরী আরো বলেন, ভুট্টাসহ যে সকল ফসল উত্পাদনে পানির ব্যবহার কম হয়, সে সকল শস্য উত্পাদনে প্রয়োজনীয় কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আফতাব আলী শেখ। আলোচনায় অংশগ্রহণ করেন নগর ও পরিবেশবিদ এবং ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. হাফিজা খাতুন, আইন বিভাগের অধ্যাপক ড. হাফিজুর রহমান কার্জন, ডিবিসি টেলিভিশনের সিইও মুঞ্জুরুল ইসলাম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ ও বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী। সেমিনার সঞ্চালনা করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
