শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী গবেষণা রীতি-পদ্ধতি কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সমাপনী দিনে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের সেমিনার রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, গবেষণা হলো কোনকিছু সম্পর্কে ধারাবাহিক অনুসন্ধান প্রক্রিয়া। এবার মোট ১৭ জন শিক্ষার্থী নজরুল বিষয়ক গবেষণা করেছেন। তাদের জানাই অভিনন্দন। গবেষণা বিষয়ক তাদের অধ্যয়ন সার্থক হোক এই প্রত্যাশা আমাদের সকলের।
তিনি আরও বলেন, বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অবলম্বন করে পরিকল্পিত ও সংঘবদ্ধ উপায়ে এই অনুসন্ধান প্রক্রিয়া পরিচালনা করতে হয়।আর এর জন্য দরকার নিয়মিত অধ্যয়ন, পঠন-পাঠন ও প্রশিক্ষণ। প্রশিক্ষণ একটি দলবদ্ধ প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড। হাতে-কলমে শিক্ষাপ্রদান ও দক্ষতা তৈরি করা কার্যকর সহজ পদ্ধতি এটি। নজরুল বিশ্ববিদ্যালয় তাই নতুন জ্ঞান সৃজনে গবেষণার প্রতি বিশেষ পৃষ্ঠপোষকতা করবে।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তর পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. সুজন আলী, ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনামসহ অন্য শিক্ষক ও কর্মকর্তারা।
