ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, ঈদ যাত্রায় সড়ক-মহাসড়কে কোনো ফিটনেসবিহীন বাস চলাচল করতে দেওয়া হবে না। মহাসড়কের প্রতিটি পয়েন্টে পুলিশের নজরদারি ও অবস্থান থাকবে। বাস ছাড়ার আগে প্রতিটি বাসের ফিটনেস পরীক্ষা করা হবে। শনিবার দুপুরে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শন শেষে সাভারের নবীনগরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডিআইজি হাবিবুর রহমান আরো বলেন, কাউন্টারসহ প্রতিটি পয়েন্টে পুলিশ বাসে নজরদারি চালাবে ও ফিটনেস পরীক্ষা করবে। অনুমতি মিললে তবেই বাস গন্তব্যের উদ্দেশে ছাড়তে পারবেন চালকরা। এছাড়া যানজটমুক্ত রাখতে সড়ক-মহাসড়কে ব্যাপক পরিকল্পনা গ্রহণ ও পুলিশ মোতায়েনের কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি ওসি আবুল বাশার, আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু উপস্থিত ছিলেন।
