আবৃত্তিশিল্পী হাসান আরিফ মারা গেছেন

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৫:২৬

বরেণ্য আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (১ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে হাসান আরিফ চিকিৎসাধীন ছিলেন। কিডনিজনিত সমস্যার কারণে তার শরীরে ইনফেকশনের মাত্রা বেড়ে যায়।করোনায় আক্রান্ত হয়ে গত ডিসেম্বর থেকে তিনি অসুস্থ ছিলেন। এরপর আর তার শরীরের উন্নতি ঘটেনি। অবশেষে আজ তো চলেই গেলেন।’

তিনি আরও জানান, হাসান আরিফকে শেষ শ্রদ্ধা নিবেদন ও দাফনের বিষয়ে এখনও পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আবৃত্তিশিল্পী হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন। মধ্য আশির দশক থেকে নিজে আবৃত্তি করছেন এবং সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করেছেন। 

ইত্তেফাক/ইআ