দৌলতদিয়া-পাটুরিয়া মহাসড়কে দীর্ঘ যানজট 

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৭:০৯

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে কয়েকদিন যাবত দীর্ঘ যানজট লেগেই আছে।

শনিবার (২ এপ্রিল) শিমুলিয়া-কাঠারবাড়ী নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৫ কিলোমিটার সড়কজুড়ে প্রায় ৬ শতাধিক যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। অন্য দিকে ফেরি ঘাট যানজট মুক্ত রাখতে দৌলতদিয়া ফেরিঘাট থেকে ১২ কিলোমিটার অদূরে গোয়ালন্দ মোড়ে দৌলতদিয়া কুষ্টিয়া আঞ্চলিক সড়কের গোয়ালন্দ মোড় হতে রাজবাড়ী জুট মিল পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। যে কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহনের চালক সহকারী ও যাত্রীদের। 

শনিবার দুপুরে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, ঘাটের জিরো পয়েন্ট হতে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল এলাকা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় ট্রাক ও কার্ভাডভ্যানের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এবং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার এলাকায় যাত্রীবাহী বাসের সিরিয়াল রয়েছে। তবে রোগী-বাহী এ্যাম্বুলেন্স, ব্যক্তিগত ছোট গাড়ি, প্রাইভেটকার, মাইক্রোবাস গুলো রাস্তার ডানপাশ দিয়ে সরাসরি ফেরিতে উঠতে দেখা যায়। এদিকে যাত্রীবাহী বাস ও কাঁচামালের গাড়ী এক লাইনে রেখে পারাপারে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। 

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বর্তমানে প্রয়োজনের তুলনায় ফেরী ও ঘাট সংকট রয়েছে, দৌলতদিয়া প্রান্তে ৭ টি ঘাট থাকলেও দীর্ঘদিন যাবত ৩ টি ঘাট বন্ধ রয়েছে, ৪টি ঘাট দিয়ে ফেরির যানবাহন উঠানামা করছে। এছাড়া এই নৌ-রুটে বহরে ১৮ টি ফেরি থাকলেও  দুইটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। বর্তমানে ছোট বড় মিলিয়ে ১৬ টি ফেরি চলাচল করছে। 

ঝিনাইদহ থেকে আসা কাঠ বোঝাই এক ট্রাকচালক সজিব মালাকার বলেন, গত বৃহস্পতিবার ঝিনাইদহ থেকে রওনা করছি ওই দিন রাতে গোয়ালন্দ মোড়ে এসে দুই দিন সিরিয়ালে আটকে ছিলাম আজ শনিবার সকালে ওখান থেকে ছেড়ে এসে দুপুর পার হয়ে গেলো দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত আসতে। কখন ফেরির নাগাল পাবো আল্লাই জানেন। এ ভোগান্তি কতদিন পোহাতে হবে কে জানে।

সাতক্ষীরা থেকে আসা ঘোড়াশাল গামী আরেক ট্রাকচালক আসাদ মিয়া বলেন, বৃহস্পতিবার বিকেলে গোয়ালন্দ মোড়ে এসে সিরিয়ালে আটকে ছিলাম, দুইদিন পর আজ শনিবার সকালে ওখান থেকে এসে এখানেও সিরিয়ালে আটকে রয়েছি, যে লম্বা সিরিয়াল দেখছি তাতে আজ ফেরির নাগাল পাবো কিনা বলতে পারছি না। তিনি আরো জানান, মহাসড়কে আটকে থেকে টয়লেট, পানি ও খাবারের সমস্যায় পড়তে হচ্ছে।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্য চৌহান বলেন, ভোগান্তি ও যানজট কমাতে আমরা কাজ করে যাচ্ছি। তবে প্রয়োজনের তুলনায় এই রুটে ফেরি ও ঘাট সংকট রয়েছে, দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুটের দৌলতদিয়া প্রান্তে ৭ টি ঘাট থাকলেও দীর্ঘদিন যাবত তিনটি ঘাট বন্ধ রয়েছে, ৪টি ঘাট দিয়ে ফেরির যানবাহন উঠানামা করছে।এ ছাড়া এই নৌ-রুটে বহরে ১৮ টি ফেরি থাকলেও  দুইটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। বর্তমানে ছোট বড় মিলিয়ে ১৬ টি ফেরি চলাচল করছে। এরমধ্যে ১০টি রো রো (বড়), ৪টি ইউটিলিটি (ছোট),২ কে-টাইপ (মাঝারি)। অন্যদিকে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ-রুটে ফেরি চলাচল ব্যহত হওয়ায় ওই রুটের গাড়ির বাড়তি চাপ রয়েছে এখানে যে কারণে যানবাহনের দীর্ঘ সারির তৈরি হয়েছে।

ইত্তেফাক/এআই