ডুজা বর্ষসেরা রিপোর্টার ইত্তেফাকের আরফিন শরিয়ত

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২২:২১

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) বর্ষসেরা রিপোর্টার-২০২১ নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় রিপোর্টার আরফিন শরিয়ত। বাংলা প্রিন্ট ক্যাটাগরিতে এ সম্মাননা পেয়েছেন তিনি। 

শনিবার (২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ডুজার নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন, বর্ষসেরা রিপোর্টারের পুরস্কার বিতরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

অনুষ্ঠানে ঢাবি ক্যাম্পাসে কর্মরত ছয়জন সাংবাদিককে বর্ষসেরা পুরস্কার দেওয়া হয়। বাংলা প্রিন্ট, ইংরেজি প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে দুইটি ট্রাস্ট ফান্ডের অধীনে দুইজন করে মোট ছয়জন এ পুরস্কার পান।

আরফিন শরিয়ত ২০১৯ সাল থেকে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে কাজ করছেন। ২০২১ সালের ১৯ জানুয়ারি ‘ঢাবির ফার্মেসি অনুষদ: তিন বিভাগে ৭৬ শিক্ষার্থী, শিক্ষক ৬৭ জন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি প্রিন্ট ক্যাটাগরিতে বর্ষসেরা প্রতিবেদনে স্থান পায়। আরফিন শরিয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে অধ্যয়নরত। 

পুরস্কার প্রদানের পর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সংগঠন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বাংলাদেশের প্রেক্ষাপটে অনন্য। সাংবাদিক সমিতি বিভিন্ন সময় তথ্য-উপাত্ত উপস্থাপনের মাধ্যমে আমাদের সহযোগিতা অব্যাহত রেখেছে। 

এ সময় আরও বক্তব্য দেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত, ডুজার প্রতিষ্ঠাকালীন সদস্য আফতাব উদ্দীন মানিক, মশিউর রহমান, সমিতির প্রধান নির্বাচন কমিশনার বোরহানুল হক সম্রাট, সদ্য বিদায়ী সভাপতি মেহেদী ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির আবরার।

ইত্তেফাক/এএএম