ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজে আছলামপুর ইউনিয়নে সেতু এবং কালভার্ট ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে। এ কাজের জন্য খালে বাঁধ দেওয়া হয়েছে। এতে উপজেলায় প্রায় ১৫০ হেক্টর বোরো খেত সেচের অভাবে শুকিয়ে গেছে বলে জানিয়েছেন চরফ্যাশন কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা ঠাকুর কৃষ্ণ দাস।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ২৭ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা ঠাকুর কৃষ্ণ দাস বলেন, ‘কৃষকদের সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে কথা বলে পাইপ বসানোর ব্যবস্থা করেছি। তবে তাতে প্রয়োজনমতো পানি পাওয়া যাচ্ছে না।’
সড়ক ও জনপথ বিভাগ ভোলার নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম জানান, খালের পানি চলাচল করলে সেতু ও কালভার্টের কাজ করা সম্ভব হবে না। তারপরও নিয়ম ভেঙে পাইপলাইন টেনে পানি চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিবিএল-এর ম্যানেজার মো. হাছান জানান, কালভার্টের কাজ শেষ পর্যায়ে, আগামী ২০-২১ দিনের মধ্যে বাঁধ কেটে দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, কিছু এলাকায় পাইপ দিয়ে পানির ব্যবস্থা করলেও কৃষকের সমস্যা পুরোপুরি সমাধান হয়নি।
