রংপুর নগরী থেকে ৪০ লাখ টাকার হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব জানায় উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। আটককৃতরা হলেন- রাজশাহী জেলার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৮) এবং চাঁপাইনবাবগঞ্জের সাদিউর হক (৪৫)। রবিবার (৩ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
রংপুর র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বিজ্ঞপ্তিতে বলেন, শনিবার (৩ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর শাপলা চত্বরে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি মোটর সাইকেলের এয়ার ক্লিনার বক্সের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করার পাশাপাশি দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান করছে র্যাব।
