মির্জাপুরে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন, পুড়ে গেছে ২০টি ঘর 

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ২১:২০

টাঙ্গাইলের মির্জাপুরে এলপিজি গ্যাসের সিলিন্ডার ফেটে লাগা আগুনে পুড়ে গেছে ২০টি বসত ঘর। রবিবার (৩ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের সৈয়দপুর এলাকায় বাদল খানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

ক্ষতিগ্রস্ত পরিবার এবং মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন সূত্রে জানা যায়, রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাদল খানের বাড়িতে এলপিজি গ্যাসের একটি বোতল লিক হয়ে হঠাৎ ফেটে যায়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। একে একে ২০টি ঘরে আগুন লাগে। পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আশপাশে পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের স্টেশন অফিসার মো. বেলায়তে হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এলপিজি সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

এদিকে খবর পেয়ে ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর ও ইউপি সদস্য সাবেক চেয়ারম্যান মো. আদিল খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে পরামর্শ করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তারা।

ইত্তেফাক/জেডএইচডি