ডারবান টেস্ট জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৭৪ রান। যদিও লক্ষ্যে নেমে ৮ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ৩ উইকেটে ১১ রান নিয়ে চতুর্থ দিন ধেস করা টাইগাররা অবশ্য জয়ের আশা হারাচ্ছে না।
জয় কঠিন হলেও জাতীয় দলের টিম ডিরেক্টর ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মনে করেন, এই ম্যাচ ড্র করার চেয়ে জয়ের জন্য লড়াই করাই সহজ। তাই প্রথম সেশন থেকেই বাংলাদেশ জয়ের জন্য খেলবে, জানিয়েছেন সুজন।
তিনি বলেন, ‘জানি কঠিন। জিততে হলে আরও ২৬৩ রান করতে হবে। কিন্তু ড্র করতে হলে পুরো ৯০ ওভার ব্যাট করতে হবে। সারাদিন যদি আমরা ব্যাট করি, অবশ্যই জেতার চান্স থাকবে। প্রথম কথা হচ্ছে কাল সকালে কেমনভাবে শুরু করি।’
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক বোকা বনে গিয়েছেন প্রোটিয়াদের স্পিনে। তবে এখন আছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী ও মেহেদী হাসান মিরাজ- যারা ব্যাট হাতে ত্রাতা হয়ে ওঠার সামর্থ্য রাখেন। সুজন তাই জয়ের আশা হারাচ্ছেন না।
টিম ডিরেক্টর বলেন, ‘এখনও মুশফিক-শান্ত উইকেটে আছে। এরপরে লিটন, ইয়াসির ও মিরাজ আছে। এখনো আমাদের জেতার সুযোগ আছে। কন্ডিশন কঠিন, বল টার্ন করছে, নিচু হচ্ছে। তবে আমরা চেষ্টা করব। এখনও আমরা জেতার আশা ছাড়ছি না। যদি ধৈর্য্য নিয়ে ব্যাট করতে পারি, সময় নিয়ে ব্যাট করতে পারি, তাহলে এই ম্যাচে আমাদের জেতা সম্ভব। এখান থেকে ড্র করার সুযোগ কম। হয় আমরা জিতবো, না হয় হারবো।’
