রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই কৃষকের আত্মহত্যার ঘটনার ১১ দিনের মাথায় চাকরি হারালেন গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেন (৩০)। নলকূপের নিয়ন্ত্রক সংস্থা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) তার নিয়োগ বাতিল করেছে বলে জানিয়েছেন সংস্থাটির রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী জিন্নুরাইন খান।
তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাখাওয়াতের নিয়োগ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। এর আগে গত শনিবার দিবাগত রাতে গোদাগাড়ীর কদমশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৫ মার্চ থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর গোদাগাড়ী থানা পুলিশ তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করেছে।
গত ২৩ মার্চ নিমঘুটু গ্রামের সাঁওতাল কৃষক অভিনাথ মারান্ডি (৩৭) ও তার চাচাতো ভাই রবি মারান্ডি (২৭) বিষপান করেন। এতে অভিনাথ ২৩ মার্চ ও রবি ২৫ মার্চ মারা যান। তাদের পরিবারের দাবি, বিএমডিএ’র ঈশ্বরীপুর-২ গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত এ দুই কৃষককে বোরো ধানের জমিতে পানি দেয়নি। উল্টো দুই কৃষককে বিষ খেতে বলেন অপারেটর। তাই তারা দুজনে বিষপান করে আত্মহত্যা করেন। তারা বিষপানের পর তাদের জমিতে রাতে আধারে পানি দিয়েছিল সাখাওয়াত।
এ নিয়ে দুই পরিবার পক্ষে সাখাওয়াতের বিরুদ্ধে পৃথক আত্মহত্যার প্ররোচনার মামলা করেছে। প্রথমে ২৪ মার্চ বাড়ি থেকে অভিনাথের মরদেহ উদ্ধারের সময় সাখাওয়াত হোসেন পুলিশের সামনেই ছিলেন। তখন পরিবারের পক্ষে সাখাওয়াতের বিরুদ্ধে পানি না দিয়ে হয়রানির অভিযোগ করা হয়।
