আলমডাঙ্গায় ট্রাক উল্টে ড্রাইভার-হেলপার নিহত

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৭:৩৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক উল্টে ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে ড্রাইভার আল আমিন (৪০) ও একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে হেলপার আশিক (২৮)। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, চুয়াডাঙ্গার সদর উপজেলার সরোজগঞ্জ বাজার থেকে ভুট্টা নিয়ে ট্রাকটি ঢাকায় যাচ্ছিল। আলমডাঙ্গার শ্রীরামপুরের কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে বিপরীত দিক বালিভর্তি একটি ড্রাম ট্রাককে সাইড দিতে গিয়ে ট্রাকটি উল্টে সড়কের পাশের গাছে ধাক্কা লাগে। এ সময় আল আমিন ও আশিক নিহত হন। 

আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার মোখলেছুর রহমান জানান, ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। খালের ভেতর উল্টে যাওয়া ট্রাকের নীচ থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বালিভর্তি ড্রাম ট্রাককে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হন। 

ইত্তেফাক/এএএম