লক্ষ্মীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ২৩:০৫

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ( ৪ এপ্রিল) বিকালে সদর উপজেলার মধ্য চর রমনীমোহন এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু দু’টি হলো- চর রমনীমোহন এলাকায় শরীফ হোসেনের ছেলে ইয়াছিন আরাফাত (৫) এবং একই এলাকার আবুল কালামের ছেলে পিয়াম হোসেন (৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল ইয়াছিন আরাফাত ও পিয়াম হোসেন। একপর্যায়ে পরিবারের লোকজনের অগোচর হয়ে যায় দুই শিশু। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। পরে বিকাল সাড়ে তিনটার দিকে বাড়ির পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে লোকজন। এসময় দু’শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে আনার আগেই শিশু দুইটি মারা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআর