পৃথক সড়ক দুর্ঘটনায় রবিবার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
জয়পুরহাট: জয়পুরহাটে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় হালিমুর রশীদ (৬৫) নামের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টায় জয়পুরহাট-বগুড়া সড়কের বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমুর রশীদ পাঁচবিবি উপজেলা এলজিইডির প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হালিমুর রশীদকে স্থানীয়রা জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌগাছা (যশোর): চৌগাছায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রাজু আহমেদ (২৩) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে চৌগাছা মহেশপুর সড়কের বেলে মাঠ বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজু বাইসাইকেলে চড়ে চৌগাছা থেকে বাড়ি ফিরছিলেন। বেলে মাঠ বটতলা এলাকায় কাভার্ড ভ্যান সাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কের আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের ড্রাইভার ও হেলপারের প্রাণ গেছে। সোমবার দুপুর ১টার দিকে শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের সামনে বালিভর্তি ড্রাম ট্রাককে সাইড দিতে গিয়ে ভুট্টাবোঝায় ট্রাক সড়কের পাশের ইরিগেশন খালে উলটে যায়। এ সময় ড্রাইভার আল আমিন (৪০) ও হেলপার আশিক (২৮) মারা যায়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জীবননগর (চুয়াডাঙ্গা): উপজেলার জীবননগর-কয়া গ্রামীণ সড়কের নারায়ণপুরে সড়কের পাশে উলটে মাটি ভর্তি ট্রাক্টরের সহকারী হাসান আলী (১৫) মারা গেছেন। সোমবার সকালে সীমান্ত ইটভাটার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি দুর্ঘটনায় পতিত হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নীলফামারী: নীলফামারীতে ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে প্রতিমা রানী (৩০) নামের এক নারী শ্রমিকের প্রাণ গেছে। সোমবার সকালে জেলা সদরের গোড়গ্রাম হাজিগঞ্জ বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রতিমা রানী গোড়গ্রাম ইউনিয়নের লক্ষ্মীরবাজার এলাকার সানটেক্সস গার্মেন্টস নামে একটি পোশাক ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। সদর থানার ওসি আব্দুর রউপ জানান, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর-দারিয়াপুর সড়কে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক আছিম (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় রাধাকান্তপুর-দারিয়াপুর গ্রামের গোরস্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিম মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের ছলিম বিশ্বাসের ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।
