ফিরলেন সৌম্যও, দ্বিতীয় উইকেটের পতন

আপডেট : ০২ জুন ২০১৯, ১৬:৪০

পঞ্চম ওভারে একবার সৌভাগ্যক্রমে বেঁচে যান সৌম্য সরকার। তবে এবার পারলেন না। দ্বাদশ ওভারের চতুর্থ বলে ক্রিস মরিসের শর্ট বল খেলতে গিয়ে পরাস্ত হন তিনি। বল গ্লাভসে লেগে চলে যায় উইকেটের পেছনে থাকা কুইন্টন ডি ককের হাতে। আউট হওয়ার আগে অবশ্য ৩০ বল থেকে ৯টি বাউন্ডারির সাহায্যে ৪২ রানের ইনিংস খেলেন তিনি।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৮ রান।

রবিবার বিকেলে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। শুরুতে ব্যাট হাতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার দারুণ একটা সূচনা এনে দিয়েছিলেন। 

তবে দলীয় ৬০ রানে ভাঙে ওপেনিং জুটি। নবম ওভারের দ্বিতীয় বলে আন্দিলে পেলকায়োর বলে কট বিহাইন্ড হয়ে যান তিনি। আউট হওয়ার আগে ২৯ বল থেকে একটি চারের মারে ১৬ রান করেন তামিম। তৃতীয় উইকেটে সাকিবের সঙ্গে এখন জুটি বেঁধেছেন মুশফিকুর রহিম।  

এটি ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। অপরদিকে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের কাছে উদ্বোধনী ম্যাচে হেরেছে। এটি তাদের দ্বিতীয় ম্যাচ। 

ইত্তেফাক/কেআই