সিরাজগঞ্জের কামারখন্দে চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে হাতুড়িপেটার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৬ এপ্রিল) দুপুরে বহিরাগত কয়েকজন তরুণ শ্রেণিকক্ষে ঢুকে তাকে হাতুড়িপেটা করে।
ওই শিক্ষার্থী চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। তার বাড়ি চৌবাড়ী গ্রামে।
ভুক্তভোগী শিক্ষার্থী রিফাত জানায়, গণিত ক্লাসের পর রসায়ন ক্লাস শুরুর আগে ক্লাসে ঢুকে চৌবাড়ী গ্রামের হাবিব ও মধুর নির্দেশে আরিফ, আফজাল ও আশিকসহ আরও কয়েকজন হাতুড়ি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেয়। হামলার ঘটনায় বিচার দাবি করে সে।
অভিযুক্ত হাবিব মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে জানান, শিক্ষার্থীর ওপর হামলা করার ব্যাপারে আমি কিছু জানি না। আমি ঘটনার সময় টাঙ্গাইলে ছিলাম।
এ ব্যাপারে চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) স্বপন কুমার দাস বলেন, ‘কয়েকজন তরুণ শ্রেণিকক্ষে ঢুকে দশম শ্রেণির ছাত্রের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় তাকে বিষয়টি অবগত করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেরিনা সুলতানা জানান, ক্লাসে ঢুকে শিক্ষার্থীকে হাতুড়িপেটার বিষয়টি শুনেছি। ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তাছাড়া বিদ্যালয়ের পক্ষ থেকেও এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
