হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ, নার্সকে শোকজ

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৮:৪৫

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশের ঘটনা ঘটেছে। বুধবার ( ৬ এপ্রিল) সকালে ঘটা এ ঘটনায় ব্যবহৃত স্যালাইনের খালি খোসা জব্দ করেছে থানা পুলিশ। এদিকে এ ঘটনার পর স্যালাইন পুশ করা নার্সকে শোকজ নোটিস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের মো. হানিফ হাওলাদারের (৬০) পুত্র মো. জাকারিয়া হাওলাদার বুধবার দুপুরে সাংবাদিকদের জানান, তার গুরুতর অসুস্থ বাবাকে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। হাসপাতালের নার্স শামিমা আক্তার তার বাবাকে একটি নরমাল স্যালাইন পুশ করেন। এ সময় রোগী অস্থিরতা প্রকাশ করায় তারা লক্ষ্য করে দেখেন পুশ করা স্যালাইনের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা রয়েছে ২ ফেব্রুয়ারি, ২০২২। ঘটনাটি লিখিতভাবে শরণখোলা থানা ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান জাকারিয়া। পরে থানা পুলিশ হাসপাতাল থেকে মেয়াদোত্তীর্ণ স্যালাইনের খোসাটি জব্দ করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফয়সাল আহমেদ জানান, স্যালাইন পুশকারী নার্সকে শোকজ করা হয়েছে। তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। রোগীর অবস্থা এখন স্থিতিশীল তার প্রতি সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

শরণখোলা থানার ওসি (তদন্ত) সুব্রত কুমার সরদার বলেন, থানায় মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশের অভিযোগ পেয়ে হাসপাতাল থেকে স্যালাইনের খোসা জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/জেডএইচডি