বিষ দিয়ে ২ লাখ টাকার মাছ মারার অভিযোগ  

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৩:২৩

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের পুকুরে বিষ প্রয়োগে প্রায় ২ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ করেছেন এক মাছচাষি। বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন, এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ক্ষতিগ্রস্ত আরিফুল গনি লিমন বলেন, ‘বাড়ির পাশে ১৫ বিঘা পুকুর একতা সমাজ উন্নয়ন সংস্থার নিকট থেকে আড়াই লাখ টাকায় বাৎসরিক ইজারা নিয়ে দেশী প্রজাতির বিভিন্ন জাতের মাছচাষ করছি। হঠাৎ কিছুদিন আগে আমাকে ইজারা নিতে হলে অতিরিক্ত টাকা দিতে হবে বলে সমিতির পক্ষে গ্রামের মাতব্বর ফজলার রহমান তালুকদার জানান। এ নিয়ে অপারগতা প্রকাশ করলে সমিতির কতিপয় সদস্য ও ফজলার রহমান তালুকদারের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই একপর্যায়ে বুধবার (৬ এপ্রিল) রাতে প্রতিপক্ষের লোকজন আমার উত্তর পাশের পুকুরে বিষ প্রয়োগ করে। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখলে আমাকে খবর দেয়। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।’

আরিফুল গনি লিমন আরও বলেন, ‘পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে থানায় অভিযোগের প্রক্রিয়াধীন রয়েছে।’  

এদিকে বিষয়টি নিয়ে গ্রামের মাতব্বর ফজলার রহমান তালুকদার ইত্তেফাককে বলেন, ‘পরিকল্পিতভাবে লিমন নিজেই বিষ প্রয়োগ করে আমাকে ও সংস্থার অন্যান্যদের ওপর দোষ দিচ্ছে। আমরা এ ঘটনার সাথে জড়িত না।’

এ বিষয়ে বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এআই