সাকিব-মুশফিকের হাফসেঞ্চুরি, বড় স্কোরের পথে টাইগাররা

আপডেট : ০২ জুন ২০১৯, ১৭:৪৯

ইংল্যান্ড বিশ্বকাপে সাকিবের পর হাফসেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম। দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার আউট হওয়ার পর তৃতীয় উইকেটে জুটি বেঁধেছিলেন এ দু’জন। জুটিতে শত রান পূর্ণ হয়েছে এর মধ্যেই। পাশাপাশি হাফসেঞ্চুরি করেছেন সাকিব ও মুশফিক দুজনই। ৫৩ বল থেকে অর্ধশত রান পূর্ণ করেন সাকিব। অপরদিকে ৫৪ বল থেকে তোলেন অর্ধশত রান। এ দুজনের ব্যাটে ভর করে ৩৩ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ২০৭ রান। 

রবিবার বিকেলে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। শুরুতে ব্যাট হাতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার দারুণ একটা সূচনা এনে দিয়েছিলেন। 

তবে দলীয় ৬০ রানে ভাঙে ওপেনিং জুটি। নবম ওভারের দ্বিতীয় বলে আন্দিলে পেলকায়োর বলে কট বিহাইন্ড হয়ে যান তামিম। আউট হওয়ার আগে ২৯ বল থেকে একটি চারের মারে ১৬ রান করেন তিনি। এরপর দ্বাদশ ওভারের চতুর্থ বলে ক্রিস মরিসের শর্ট বল খেলতে গিয়ে পরাস্ত হন সৌম্য। বল গ্লাভসে লেগে চলে যায় উইকেটের পেছনে থাকা কুইন্টন ডি ককের হাতে। আউট হওয়ার আগে অবশ্য ৩০ বল থেকে ৯টি বাউন্ডারির সাহায্যে ৪২ রানের ইনিংস খেলেন তিনি।   

এরপর তৃতীয় উইকেটে জুটি বাঁধেন সাকিব ও মুশফিক। দুজন এখন ব্যক্তিগত ও দলগত বড় স্কোরের পথে হাঁটছেন।  

এটি ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। অপরদিকে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের কাছে উদ্বোধনী ম্যাচে হেরেছে। এটি তাদের দ্বিতীয় ম্যাচ। এশিয়ার দলগুলো ইংল্যান্ডে হতাশাজনক সূচনা করে। সেখানে বাংলাদেশ ব্যাটিংয়ে অন্তত দারুণ একটা সূচনা করেছে। 

ইত্তেফাক/কেআই