আজ রাত সাড়ে ৮ টায় ইমরান খানের ভাগ্য নির্ধারণ

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৯:৩০

গত ৩ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব খারিজের রায় দেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এর পরই পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ইমরান খানের আহ্বানে পার্লামেন্ট ভেঙে দেন। সেই অনাস্থা প্রস্তাব বাতিল এবং পার্লামেন্ট ভেঙে দেওয়ার পদক্ষেপ সাংবিধানিক কিনা সে প্রশ্নে দেশটিতে সুপ্রিম কোর্টে ঝুলে থাকা ইমরান খানের ভাগ্য নির্ধারণী রায় আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় সাড়ে আটটায় দেওয়া হবে। 

পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, রাত ৭ টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সাড়ে আটটা) রায় ঘোষণা করা হবে। এ নিয়ে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া এর আশে পাশে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। 

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে ৯টার দিকে পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে বিচারপতিদের পাঁচ সদস্যের একটি বেঞ্চে চতুর্থ দিনের মতো মামলাটির শুনানি শুরু হয়। 

প্রধান বিচারপতি পাশাপাশি এই বেঞ্চে যেসব বিচারপতি আরওআছেন তারা হলেন ইজাজুল আহসান, মোহাম্মদ আলী মাজহার, মুনিব আখতার ও জামাল খান মান্দোখেল।

শুনানি চলাকালে প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বান্দিয়াল বলেন, এটা পরিষ্কার যে, ডেপুটি স্পিকারের দেওয়া রায় ভুল ছিল।  

পাকিস্তানের প্রধান বিচারপতি এ দিন আরও বলেন, আসল প্রশ্ন হলো পরবর্তীতে কী হবে। এখন পিএমএল-এন কৌঁসুলি ও পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল (এজিপি) খালিদ জাভেদ খান আদালতকে নির্দেশনা দেবেন কীভাবে এগিয়ে নিতে হবে।  

 

ইত্তেফাক/এসআর