মোংলায় যোগ হচ্ছে দু’টি বোলার্ড পুল টাগবোট 

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ২০:০৩

মোংলা বন্দরে যোগ হচ্ছে দু’টি ৭০ টন বোলার্ড পুল টাগবোট। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ এপ্রিল) ঢাকার সোনারগাঁও হোটেলে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে এতে স্বাক্ষর করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ মুসা ও হংকংয়ের চিউ লি শিপইয়ার্ডের পক্ষে স্থানীয় প্রতিনিধি ই-ইঞ্জিনিয়ারিং-এর চেয়ারম্যান তরফদার রুহুল আমীন।

হংকং-এর চিউ লি শিপইয়ার্ডে টাগবোট দু’টি নির্মিত হবে। এক বছরের মধ্যে টাগবোট দু’টি মোংলা বন্দরের জাহাজ বহরে সংযোজিত হবে। টাগবোট দু’টি নির্মাণ ও সংযোজনে ব্যয় হবে প্রায় ১৭৪ কোটি টাকা। 

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জাতির পিতার সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার গভীর দেশপ্রেম, অসামান্য প্রজ্ঞা, সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি ও প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতার ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দর আজ নতুন মাত্রায় উপনীত হতে চলেছে। মৃতপ্রায় এ বন্দরকে জীবিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছেন। 

তিনি বলেন, বন্দরের অপারেশনাল কার্যক্রম সঠিকভাবে পরিচালনায় বিভিন্ন প্রকার সহায়ক জাহাজ ও বোট সমৃদ্ধ বহরে জন্য নানা প্রকার ছোট-বড় জাহাজ, যন্ত্রপাতি ক্রয়, টাগবোট সংগ্রহ ও ড্রেজিং প্রকল্প সরকার অনুমোদন দিয়েছে।

চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ্ উদ্দীন চৌধুরী।

উল্লেখ্য, দু’টি ৭০ টন বোলার্ড পুল টাগবোট বাংলাদেশে এ পর্যন্ত সর্বোচ্চ বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন এবং সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ টাগবোট। এতে অত্যাধুনিক জাপানি ও ইউরোপিয়ান যন্ত্রপাতি সংযোজিত করা হবে। বন্দরে আগত বড় বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপদ বার্থিং/আনবার্থিংয়ে সহায়তা প্রদান টাগবোটের মূল কাজ।

ইত্তেফাক/এএএম