টেস্ট পুরুষালি আবহের খেলা, বাংলাদেশ অভ্যস্ত নয়: এলগার

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ২১:৪৩

প্রথম টেস্টে বাংলাদেশের পরাজয়ের পর সবচেয়ে বেশি আলোচিত হয়েছে স্লেজিং ইস্যু। টাইগার অধিনায়ক মুমিনুল হক সরাসরি অভিযোগ করে বলেছিলেন, প্রোটিয়ারা স্লেজিং করতে করতে তা গালাগালির পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তবে সেটি অস্বীকার করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার।

আগামীকাল শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে উভয় দল। ম্যাচটি পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে অনুষ্ঠিত হবে। তার আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন প্রোটিয়া দলপতি। সেখানে তিনি বলেন, বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের সঙ্গে অভ্যস্ত নয়। এ কারণেই স্লেজিংকে বাড়াবাড়ি হিসেবে নিয়েছে।

ডিন এলগার বলেন, ‘তাদের (বাংলাদেশ) অভিযোগের কোনো ভিত্তি নেই। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিয়ে ওরা যা বলেছে। দেখুন, আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলি; যদি কিছু হয়েও থাকে, সেটি (স্লেজিং) আমরা ওদের ফিরিয়ে দিচ্ছিলাম। তাছাড়া যখন ব্যাটিং করছিলাম, তখন আমরাও স্লেজিংয়ের শিকার হয়েছি।’

খারাপ ভাষায় কোনো কথা বলেননি দাবি করে তিনি বলেন, ‘আমরা খারাপ ভাষায় কথা বলিনি, খেলোয়াড়দের প্রতি আমার গৌরব ধরে রাখার বার্তা ছিল। আমাদের সম্মানহানি হোক, এমন কিছু করতে চাইনি, আমি খুব বাজে কোনো স্লেজিং হতেও দেখিনি। ওদের পক্ষ থেকেও দেখিনি। এটাই টেস্ট ক্রিকেট।’

টেস্ট ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহের সঙ্গে বাংলাদেশ পরিচিত নয় বলে দাবি করেছেন প্রোটিয়া অধিনায়ক। ডিন এলগার বলেন, ‘টেস্টে খেলাটা হয় পুরুষালি আবহে। আমি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে চাইবো। তবে এর মানে এই নয় যে, আমরা গালিগালাজ করবো কিংবা বাজে ভাষায় কথা বলবো। আমরা তাদের (বাংলাদেশ) সম্মান করি। আমার মনে হয় ওদের আরও কঠোর হওয়া উচিত, হয়তো ওরা এ পর্যায়ে খেলার জন্য অতটা অভ্যস্ত নয়।’

ইত্তেফাক/টিএ