বাকেরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু 

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ২৩:১২

বরিশালের বাকেরগঞ্জ-কালিগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বাকেরগঞ্জ পৌর সভার ১নং ওয়ার্ডের রুনসী এলাকার কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, প্রাণ হারানো ওই শিক্ষার্থীর নাম শেখ মাহফুজুর রহমান (১৫)। তিনি পৌরসভার ওই ওয়ার্ডের শেখ খলিলুর রহমানের ছোট ছেলে। পৌরসভার মুজাহিদিয়া কেরামতিয়া দাখিল মাদরাসা থেকে এ বছর তার দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

বাকেরগঞ্জ থানা ওসি (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিজস্ব মোটরসাইকেল নিয়ে কালিগঞ্জ সড়কে ঘুরতে বের হলে নিয়ন্ত্রণ হারিয়ে ডাকুয়া বাড়ির সামনে পার্শ্ব রাস্তায় নেমে যায়। সেখানে নামফলকের সঙ্গে আঘাতের ফলে ঘটনাস্থলেই মাহফুজুরের মৃত্যু হয়।

ইত্তেফাক/জেডএইচডি