ভাঙ্গায় ৩ মোটরসাইকেল আরোহীর ওপর হামলা, নিহত ১

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ০০:৫৬

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের পোদ্দার বাজারে একই মোটরসাইকেলের তিন আরোহীর ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় সোলেমান শরীফ (৩৫) নামে একজন ঘটনাস্থলেই মারা যান। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিবাগত রাতে এই হামলা চালানো হয়। হামলায় বাকি দুই মোটরসাইকেল আরোহী আহত হন।

জানা যায়, হামলায় নিহত সোলেমান শরীফ (৩৫)। আর আহতরা হলেন কামরুল মাতুব্বর (৪০) ও আমিনুল মাতুব্বর (৪০)। তারা তিনজনই তুজারপুর ইউনিয়নের জানদি গ্রামের বাসিন্দা।

ঘটনা নিশ্চিত করে ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, পোদ্দার বাজার থেকে তিন বন্ধু মোটরসাইকেলে করে জানদির উদ্দেশে রওনা হয়। বাজার পার হতেই সেখানে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা তিন আরোহীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়। ঘটনাস্থলেই মারা যান সোলেমান শরীফ। গুরুতর আহত অবস্থায় বাকি দুই আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসে।

পরে কর্তব্যরত চিকিৎসক আহত কামরুল মাতুব্বরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় রেফার করা হয়।  

এদিকে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ নিহত সোলেমানের লাশ উদ্ধার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি