মাস্টার্সে ফিরলেন টাইগার উডস

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৯:৪৮

নিজেকে ভাগ্যবান ভাবেন টাইগার উডস। গত বছরের ফেব্রুয়ারিতে ছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি। তবে আহত হয়েছিলেন গুরুতরভাবে। সেই পরিস্থিতি থেকে গলফ কোর্সে ফেরাটা অবিশ্বাস্য ছিল।

গত ডিসেম্বরে ছেলের সঙ্গে জুটি বেঁধে ফিরলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে ফিরলেন মাস্টার্স দিয়ে। প্রথম দিন শেষে পারের চেয়ে পাঁচ শট কম খেলে শীর্ষে আছেন দক্ষিণ কোরিয়ার ইম সুং-জাই। যৌথভাবে ১০ নম্বরে আছেন উডস। পার-৭১-এর থেকে একটি শট কম খেলেছেন তিনি।

এতদিন পর ফিরে দর্শকদের থেকে উষ্ণ অভ্যর্থনা পান এই কিংবদন্তি, ‘আমি ঠিক সেখানে, যেখানে আমার থাকা দরকার। এটি ম্যারাথন, আরো লম্বা পথ যেতে হবে। তবে শুরুটা ইতিবাচক ভাবে করতে পেরে ভালো লাগছে। খেলার সুযোগ পাওয়ায় সত্যিই ভাগ্যবান আমি।’

ইত্তেফাক/এমআর