ইবিতে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৯:১৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ। বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে এ কার্যক্রম পরিচালনা করেন তারা।

শুক্রবার (৮ এপ্রিল) সকালে রোভার স্কাউটের পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সভাপতি আখতার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক মুসা হাশেমীর নেতৃত্বে ৩০ জন রোভার ও গার্ল-ইন রোভার এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এসময় তারা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ, জিমনেসিয়াম ও পার্শ্ববর্তী এলাকায় পড়ে থাকা কাগজ ও বিভিন্ন অনুষ্ঠান পরবর্তী ফেলে দেয়া ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। প্রায় দুই ঘন্টাব্যাপী এ পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৫ বস্তা বর্জ্য জমা হয়। পরে সেগুলো নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া হয় বলে রোভার সূত্রে জানা যায়।

এ বিষয়ে ইউনিট কাউন্সিল সভাপতি আখতার হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ সেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি ক্যাম্পাসকে নির্মল রাখতে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। ইতিমধ্যে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ক্রিকেট মাঠের পশ্চিম পাশে আমরা একটি অস্থায়ী ডাস্টবিন স্থাপন করেছি। মূলত আমাদের একটু সচেতনতাই পারে ক্যাম্পাসকে সুন্দর ও নির্মল রাখতে।

ইত্তেফাক/এআই