গোয়ালন্দে ট্রাকের ধাক্কায় অটোরিকশা-চালক নিহত 

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৪:৩৭

রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হয়েছেন। শনিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী গনি মেম্বারের বাড়ির সামনে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছন। 

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯ টার দিকে ফেরি থেকে নেমে একটি ট্রাক খুলনার দিকে যাচ্ছিল। অন্যদিক থেকে আসা অটোরিকশাটি দৌলতদিয়া ঘাটের দিকে আসছিল। এ সময় অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই অটোচালক নিহত হন। অটো চালকের নাম ঠিকানা এখনো পর্যন্ত জানা যায়নি। 

অটোতে থাকা উসমান নামের এক যাত্রী এ সময় গুরুতর আহত হন।  গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। অন্য যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

ওসি জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

ইত্তেফাক/এআই