রাজশাহীতে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় জেলার চারঘাট উপজেলার জোতকার্তিক গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম খোকন আলী (৩০)। তিনি ওই গ্রামের মোজাহার আলীর ছেলে।
চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জোতকার্তিক আদর্শ গ্রাম জামে মসজিদে কমিটি নিয়ে কামরুজ্জামান মুকুল ও মুক্তার আলীর দ্বন্দ্ব ছিল। মুকুল ও মুক্তার মসজিদের সভাপতি হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিলেন।
গত শুক্রবার ইফতারের আগ মুহূর্তে মসজিদ দখল কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় দুই পক্ষই ধারালো অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে মুক্তার গ্রুপের খোকন আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মুকুল গ্রুপের সিরাজুল ইসলাম (৪৫) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মসজিদ কমিটির সভাপতির পদ নিয়ে দুই গ্রুপ ইফতারের সময় সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় একজন মারা গেছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃতের মরদেহের ময়নাতদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
