দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর হাজির মোড় গ্রামের এক কিশোরীকে ধর্ষণ ও তার ভিডিও চিত্র ধারণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৯ এপ্রিল) রাতে এদের গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণ বাসুদেবপুর হাজির মোড় গ্রামের মো. বেনজু মিয়ার ছেলে মো. আসিফ (১৯), একই গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে মো. সাগর ইসলাম (২২) ও ফুলবাড়ী পৌর এলাকার চকচকা তেলিপাড়া গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে মো. সোহাগ (২১)। গত রোববার (১০ এপ্রিল) গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘ঘটনাটি জানার পর পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার এবং ধর্ষণের ভিডিও চিত্রসহ মোবাইলফোন জব্দ করা হয়েছে। কিশোরীর পিতা বাদী হয়ে গত রবিবার (১০ এপ্রিল) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে এবং কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল দিনাজপুরে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে ধর্ষণ এবং ভিডিও চিত্র ধারণের কথা স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত তিন যুবক।’
