পোর্ট এলিজাবেথ টেস্ট

দলকে বিপদে ফেলে ফিরে গেলেন মুশফিক-মুমিনুল

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৪:২৫

পোর্ট এলিজাবেথ টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেট হারিয়ে ২৭ রান। তামিম ইকবাল আউট হওয়ার পরই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন ম্যাচ রেফারি। ফলে নতুন করে কাউকে নামতে হয়নি। অপরাজিত থেকে মাঠ ছাড়েন অধিনায়ক মুমিনুল হক।

আজ (১১ এপ্রিল) চতুর্থ দিন সকালে যখন খেলা শুরু হয়, তখন বাংলাদেশের জয়ের জন্য দরকার আরও ৩৮৬ রান। আগের দিন ৫ রানে অপরাজিত থাকা মুমিনুল হকের সঙ্গে আজ মাঠে নামেন মুশফিকুর রহিম। কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। স্কোরবোর্ডে মাত্র ৬ রান যোগ হতেই প্যাভিলিয়নের পথ ধরেন অভিজ্ঞ এই ব্যাটার। দলকে উদ্ধার করার পরিবর্তে উল্টো বিপদে ফেলে গেলেন তিনি! নিজে করেছেন মাত্র ১ রান। কেশাভ মহারাজের বলে স্লিপে দাঁড়ানো ডিন এলগারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

মুশফিকের এভাবে আউট হওয়ায় সম্ভবত অনুপ্রাণিত হয়েছেন মুমিনুল! তিনিও যে কিছুক্ষণের মধ্যে প্যাভিলিয়নে ফিরে গেছেন। অথচ অধিনায়ক হিসেবে আজ তার ক্রিজে দায়িত্ব নিয়ে টিকে থাকাটা জরুরি ছিল। সেটি না করে ক্যাচ তুলে দিয়েছেন। উইকেটশিকারি সেই মহারাজই। আউট হওয়ার আগে মাত্র ৫ রান করেন মুমিনুল। অর্থাৎ আজ কোনো রানই করতে পারেননি তিনি।

এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৪৪ রান। ১১ রানে অপরাজিত আছেন লিটন দাস। শূন্য রানে ফিরে গেছেন ইয়াসির আলি রাব্বিও। জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন আরও ৩৬৯ রান।

ইত্তেফাক/টিএ