সোনাই নদীতীরের বিভিন্ন স্থানে ভাঙন

আপডেট : ০২ জুন ২০১৯, ২১:৩৫

ক্ষয়ক্ষতির আশঙ্কা

g মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

হবিগঞ্জের মাধবপুরে অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে উজান থেকে নেমে আসা পানিতে সোনাই নদীর একাধিক স্থানে ভাঙন ও চারটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। আখাউড়া-সিলেট রেল লাইনসহ তলিয়ে গেছে শত শত পুকুর। আতঙ্কে আছে মাটির তৈরি ঘরের বাসিন্দারা।

রমজানের শুরু থেকে প্রচণ্ড দাবদাহের পর হঠাত্ শুক্রবার রাতব্যাপী মুষলধারে বৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শনিবার সকালে ভারত থেকে বয়ে আসা নদী সোনাই নদীর উভয় তীরে একাধিক স্থানে ভাঙনের সৃষ্টি হয়। এতে সোনাই নদীর চৌমুহনী ইউনিয়নের কমলানগর, মঙ্গলপুর, আলাবক্সপুর, কালিকাপুর, বহরা ইউনিয়নের বহরা, আফজলপুর, দুর্লভপুর, রাজাপুরসহ ভাটি এলাকার কয়েকটি স্থানে তীর ভাঙনের ফলে ধর্মঘর, চৌমুহনী, বহরা, আন্দিউড়া, আদাঐর ইউনিয়নের শত শত একর ফসলি জমি প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে শত শত পুকুর, পানি উঠেছে শত শত বাড়িঘরে, মনতলা রেলস্টেশনের অদূরে রাজাপুর নামকস্থানে রেললাইন তলিয়ে গেছে। মনতলা, চৌমুহনী ও মনতলা ক্যাম্প বাজারে দোকানে দোকানে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ পাকা ও কাঁচা সড়কের। এ অসময়ে বন্যায় প্রান্তিক কৃষক ও মত্স্য চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ এসব ঘর পানিতে তলিয়ে গেলে ধসে পড়ে জানমালের ক্ষতি হওয়ার ব্যাপক আশঙ্কা রয়েছে। এছাড়া শাহজাহানপুর ইউনিয়নের টিপরা ছড়া, তেলানিয়া ছড়া, আখালিয়া ছড়ার পানিতে নোয়াগাঁও জালোয়াবাদ গ্রামের শতাধিক পুকুর তলিয়ে গেছে। সবজি ফসল পানির নিছে রয়েছে। গতকাল রবিবার পানি কিছুটা কমেছে।

মনতলা রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মন্নান জানান, রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

জেলা পরিষদের চেয়ারম্যান ড. মুশফিক হোসেন চৌধুরী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

মাধবপুর মত্স্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান, হঠাত্ সোনাই নদী ভাঙনে প্রায় দুই শতাধিক পুকুরের কোটি টাকার মাছ ভেসে গেছে। মাধবপুর দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মাসুদুল ইসলাম জানান, মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সাহায্য দেওয়া হবে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান জানান, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মাধবপুর সোনাই নদীর ভাঙনে এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।