সাবেক মন্ত্রী মোশাররফ দম্পতির নামে সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রাবাস হচ্ছে না

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৭:৫০

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের নবনির্মিত একটি ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের নাম সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ (সদর) আসনের সাংসদ খন্দকার মোশাররফ হোসেন এবং তার স্ত্রী আফসানা মোশাররফের নামে রাখার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) দুপুরে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ফরিদপুর শহরের সুধীসমাজ ও রাজনীতিবিদদের মতামত, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ও ছাত্রনেতাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় নাম দুটি বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন নামকরণ না হওয়া পর্যন্ত ভবনদুটি ‘নবনির্মিত ছাত্রাবাস’ ও ‘নবনির্মিত ছাত্রীনিবাস’ হিসেবে পরিচিত হবে।

পরবর্তীতে সর্বমহলের মতামতের আলোকে অ্যাকাডেমিক কাউন্সিলের মাধ্যমে ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের নতুন নামকরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি

এদিকে জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ৩৬ হাজার শিক্ষার্থীর প্রাণের দাবি কলেজটিতে নবনির্মিত দুটি ছাত্রাবাসের নাম পরিবর্তন করে ছাত্রাবাসের নাম ‘শেখ রাসেল’ এবং ছাত্রীনিবাসের নাম ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব’-এর নামে নামকরণ করা হোক। সরকারি রাজেন্দ্র কলেজের ৩৬ হাজার শিক্ষার্থীদের পক্ষে নাম পরিবর্তন করার নৈতিক দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে ফরিদপুরের জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, ফরিদপুরে বিগত দিনের শুদ্ধি অভিযানে অভিযুক্ত ও বিতর্কিতদের নামে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রাবাসের নামকরণ মেনে নেওয়া হবে না। ছাত্রলীগ ছেলে ছাত্রাবাসের নাম শেখ রাসেলের নামে এবং ছাত্রী নিবাসের নাম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে নামকরণের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা বলেন, ২০১৬ সালে নামকরণ দুটি করা হয়। আমরা অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের নাম দুটি পরিবর্তন বাতিল করেছি। আপাতত, নতুন নামকরণ না হওয়া পর্যন্ত ভবন দুটি নবনির্মিত ছাত্রাবাস ও নবনির্মিত ছাত্রীনিবাস হিসেবে পরিচিত হবে। 

ইত্তেফাক/এএএম