ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৯:০৫

টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলায় অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশা আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (১১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারট্ট গ্রামের মো. হামিদ মিয়ার ছেলে মো. তায়েবুর রহমান (৪৩), তার মেয়ে তাহমিনা বেগম (২৪) ও নাতি আট মাসের শিশু মো. তাওহীদ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজের ব্যাটারিচালিত অটোরিকশায় মো. তায়েবুর রহমান কালিহাতী উপজেলার হাতিয়া গ্রামে তার মেয়ের  শ্বশুরবাড়ি থেকে মেয়ে ও নাতিকে নিয়ে তার গ্রামের বাড়ি ঘাটাইল উপজেলার গারট্ট যাচ্ছিলেন। হাতিয়া রেলক্রসিং এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেসের ধাক্কায় তাদের ব্যাটারিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তায়েবুল ও শিশু তাওহীদের মৃত্যু হয়। আহত অবস্থায় তাহমিনাকে টাঙ্গাইল হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

টাঙ্গাইল রেলওয় পুলিশের আইসি মো. সাইফুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/এএএম