স্কুলছাত্রীকে ধর্ষণ-অশ্লীল ছবি ইন্টারনেটে দেওয়ার অভিযোগে গ্রেফতার ৩ 

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৯:২৮

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে নির্জন স্থানে নিয়ে দুই বন্ধু পালাক্রমে ধর্ষণ ও অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া অভিযোগ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতাররা হলেন-উপজেলার শিবরামবাড়ী গ্রামের তপুর ছেলে সামিউল ইসলাম সামি (২২), শ্রীবাড়ী গ্রামের পল্লব সরকারের ছেলে তাপস সরকার (১৯) ও হৃদয় (২২)।

জানা গেছে, গত ৩ মার্চ বিকেলে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীকে ফুসলিয়ে শিবরামপুর গ্রামের শ্রষ্ঠার মোড়ের পাশে এক পরিত্যক্ত টিনের ঘরের মধ্যে নিয়ে সামি ধর্ষণ করে। এরপর ওই রাতে সামী ও তাপস ভুক্তভোগীকে পার্শ্ববর্তী শ্রীবাড়ী গ্রামের সাহেববাড়ী প্রজেক্টের পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ ও মোবাইলে অশ্লীল ছবি ধারণ করে। এ ঘটনা প্রকাশ করলে ভুক্তভোগীর অশ্লীল ছবি ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছ থেকে মোবাইল ও নগদ টাকা কেড়ে নেয়। পরে এক পর্যায়ে সামি ও তাপস ভুক্তভোগীর কাছে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ১০ এপ্রিল অশ্লীল ছবি ফেসবুক ও ইউটিউবে পোস্ট করেন।

শিবালয় থানা ওসি (তদন্ত) মো, ফরিদুর রহমান জানান, গ্রেফতারদের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীর মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে ও বক্তব্য গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। 

ইত্তেফাক/এএএম