বরিশালের গৌরনদীতে জামাইয়ের কিল-ঘুষিতে শ্বশুর নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১১ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার হোসনাবাদ খেয়াঘাটে এ ঘটনা ঘটে। গৌরনদী থানার ওসি আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওই শ্বশুরের নাম হারুন মুধা (৬০)। সে মুলাদী উপজেলার সাহেবেরচর গ্রামের বিষাই মৃধার ছেলে। অভিযুক্ত জামাইয়ের নাম মাসুম বয়াতী (৩০)।
গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, প্রায় ৪ বছর আগে মুলাদী উপজেলার সাহেবেরচর গ্রামের সেকেন বয়াতীর ছেলে মাসুম বয়াতীর সঙ্গে একই গ্রামের হারুন মৃধার মেয়ে শান্তোপা খানমের (১৮) বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে সম্প্রতি শান্তোপা তার স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে যান। সোমবার দুপুরে স্বামী মাসুম বয়াতী তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে আনতে শ্বশুর বাড়িতে যান। এ সময় শ্বশুর হারুন তার মেয়েকে দিতে রাজি হননি। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর ২টার দিকে গৌরনদী উপজেলার হোসনাবাদ খেয়াঘাটে জামাই মাসুমের সঙ্গে শ্বশুর খেয়াঘাটের মাঝি হারুন মৃধার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জামাই মাসুম তার শ্বশুর হারুনকে কিল-ঘুষি মারেন। কিছুক্ষণ পর হারুন অসুস্থ হয়ে মারা যান।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য হারুনের লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পৃথক দুর্ঘটনায় ১৩ জন নিহত