ট্রেনে আসন সীমিত থাকায় ঈদ যাত্রীদের দুর্ভোগ

আপডেট : ০২ জুন ২০১৯, ২১:৩৭

নেত্রকোনা প্রতিনিধি

রাজধানী ঢাকা থেকে নেত্রকোনা হয়ে মোহনগঞ্জ পর্যন্ত যে হাওর এক্সপ্রেস ট্রেনটি চালু রয়েছে তাতে নেত্রকোনা জেলা সদরের যাত্রীদের ভোগান্তির শেষ নেই। এর প্রধান কারণ নেত্রকোনার জন্য আসন সংখ্যা চাহিদা অনুযায়ী কম। ফলে ঈদের সময় এই এলাকার যাত্রীদের যাতায়াতে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অথচ মোহনগঞ্জ এবং ময়মনসিংহের যাত্রীদের জন্য অধিক আসন সংরক্ষণ করা আছে এই হাওর এক্সপ্রেস ট্রেনে।

স্টেশন মাস্টার রাফি উদ্দিন জানান, রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট নেত্রকোনা শহর এলাকার যাত্রীদের হাওর এক্সপ্রেসে চলাচলের জন্য আসন বৃদ্ধির চাহিদাপত্র কয়েকবার পাঠানো হয়েছে। বর্তমানে ১২টি বগি চলছে এই লাইনে। নেত্রকোনা শহর এলাকার যাত্রীদের জন্য দুইটি বগি-এর সঙ্গে যুক্ত করলে এ সমস্যার সমাধান হতে পারে বলে তিনি জানান।

নেত্রকোনার লোকজন ঢাকায় নিত্য চলাচল করেন এমন যাত্রীরা বলেন, নেত্রকোনা শহরের যাত্রী সাধারণের ট্রেনে চলাচলের জন্য দুইটি বগি বর্তমান বগিগুলোর সঙ্গে যুক্ত করে দিলে তাদের রেলে চলাচলে আর কোনো সমস্যা হবে না। তারা রেল কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।