বরিশালে জামাইর হাতে শ্বশুর খুনের ঘটনায় মামলা

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৪:৩২

বরিশালে জামাইয়ের কিল-ঘুষিতে শ্বশুর নিহত হওয়ার ঘটনায় গৌরনদী মডেল থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। প্রধান আসামি হচ্ছে নিহতের জামাতা মাসুম বয়াতি (৩০) ও অজ্ঞাত অপর ৩-৪ জন। গৌরনদী থানার ওসি আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত ওই শ্বশুরের নাম হারুন মৃধা (৬০)। সে মুলাদী উপজেলার সাহেবেরচর গ্রামের বিষাই মৃধার ছেলে। অভিযুক্ত জামাইয়ের নাম মাসুম বয়াতি (৩০)।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, প্রায় ৪ বছর আগে মুলাদী উপজেলার সাহেবেরচর গ্রামের সেকেন বয়াতির ছেলে মাসুম বয়াতির সঙ্গে একই গ্রামের হারুন মৃধার মেয়ে শান্তোপা খানমের (১৮) বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে সম্প্রতি শান্তোপা তার স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে যান। সোমবার দুপুরে স্বামী মাসুম বয়াতি তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে আনতে শ্বশুর বাড়িতে যান। এ সময় শ্বশুর হারুন তার মেয়েকে দিতে রাজি হননি। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর ২টার দিকে গৌরনদী উপজেলার হোসনাবাদ খেয়াঘাটে জামাই মাসুমের সঙ্গে শ্বশুর খেয়াঘাটের মাঝি হারুন মৃধার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জামাই মাসুম তার শ্বশুর হারুনকে কিল-ঘুষি মারেন। কিছুক্ষণ পর হারুন অসুস্থ হয়ে মারা যান। 

এ ঘটনায় সোমবার রাতে নিহত হারুন মৃধার পুত্র মিরাজ মৃধা বাদী হয়ে মাসুম বয়াতিকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের নামে মামলা দায়ের করেছেন বলে ওসি আফজাল হোসেন জানান।

 

ইত্তেফাক/এসজেড