টানা কয়েক দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর রবিবার দিনাজপুরের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। এতে আম, লিচুসহ ফসলের বেশ ক্ষতি হয়েছে। দিনাজপুরের বোচাগঞ্জ ও বীরগঞ্জ উপজেলার কিছু কিছু এলাকা এবং সদর উপজেলার কিছু এলাকাসহ জেলার কিছু স্থানে রবিবার দুপুর ২টা ৪০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টিতে আম, লিচু ও টমেটো, ভুট্টাসহ পেঁয়াজের ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনজুরুল ইসলাম বলেন, শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে। এদিকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের নেকমরদ, পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গীতে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। রবিবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শিলাবৃষ্টিতে আম, লিচু, ভুট্টা, মরিচসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ঠাকুরগাঁও জেলার কৃষি কর্মকর্তা আবু হোসেন জানান, এবারের শিলাবৃষ্টিতে কৃষকের অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে মরিচ, ভুট্টা, আম, লিচুর গুটিসহ আরো অন্যান্য ফসলের ক্ষতি হতে পারে। তবে কত হেক্টর জমিতে কী কী ফসলের ক্ষতি হয়েছে তা জানতে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি।
