স্বামী শাশুড়ি ও দেবর গ্রেফতার
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
সরাইলে আরিফা বেগম (২৩) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উপজেলার চুন্টা মধ্যপাড়ায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটেছে। স্বামীর বাড়ির লোকজন আত্মহত্যা বললেও গৃহবধূর স্বজনদের দাবি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে এবং গ্রেফতার করেছে স্বামী, শ্বাশুড়ি ও দেবরকে ।
গত শনিবার রাতে বসতঘরের তীরে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে দুই মাসের অন্তঃসত্ত্বা আরিফা। আরিফাকে সরাইল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। স্বামীর বাড়ির লোকজন বলছে আত্মহত্যা। আর আরিফার বাবার বাড়ির স্বজনরা বলছেন, যৌতুকের জন্য পরিকল্পিতভাবে স্বামী শাশুড়ি ও দেবর মিলে তাকে হত্যা করেছে।
পুলিশ হাসপাতাল থেকে আরিফার লাশ উদ্ধারকালে শাশুড়ি মোছা. নাহার বেগমকে গ্রেফতার করেন। রাতেই অভিযান চালিয়ে কালিকচ্ছ এলাকা থেকে স্বামী আতিকুল ও দেবর মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত গৃহবধূর বড় ভাই তারিকুল ইসলাম খান বলেন, বিয়ের পর থেকেই স্বামী ও তার স্বজনরা যৌতুকের জন্য আরিফাকে নির্যাতন করে আসছে। অবশেষে তারা পরিকল্পিতভাবে আমার বোনকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা এ ঘটনার বিচার চাই।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, নিহতের গলার নিচে আঙুলের চাপের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
