ফুটবলের মধ্যবর্তী দলবদলে মোহামেডানে বেশ কয়েকটি পরিবর্তন আছে। নতুন করে সাজাতে গিয়ে মোহামেডানে যেসব আগাছা রয়েছে তা ছেঁটে ফেলতে চাইছে বলে জানিয়েছেন ফুটবল কর্তা আবু হাসান চৌধুরী প্রিন্স।
লিগের প্রথম পর্বে ১১ খেলায় ৪ জয় পেয়েছে ক্লাবটি। ড্র ৫টি আর হেরেছে ২ ম্যাচ। ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে মোহামেডান। প্রিন্স জানালেন, টেবিলের দ্বিতীয় স্হানে থাকতে চান। এজন্য কিছু কিছু জায়গায় খেলোয়াড় পরিবর্তন করা হয়েছে। দলের শক্তি বাড়াতে নতুন খেলোয়াড় নিচ্ছেন। আর কিছু ফুটবলারকে দল হতে বাদ করে দিচ্ছেন। এদের মধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম রয়েছেন। প্রিন্স বললেন, ‘মামুনুলকে রাখবেন না। সে ইনজুরিতে রয়েছে। এখন মাঠে নামার কোনো সুযোগ নেই।’
জানা যায়, ১৩ লাখ টাকা চুক্তিতে ১০ লাখ টাকা আগাম পারিশ্রমিক দিয়ে মিডফিল্ডার মামুনুল ইসলামকে নেওয়া হয়েছিল। কিন্তু একটি ম্যাচও সাদাকালো জার্সি গায়ে প্রথম একাদশে নামতে পারেননি। বেশির ভাগ সময় তাকে মাঠের বাইরে কাটাতে হয়েছে। এমনকি মোহামেডানের খেলা চলছিল মাঠে আর মামুনুল গ্যালারিতে বসে খেলা দেখছিলেন।
প্রিন্স বললেন, ‘মামুনুলকে দেওয়া পুরো টাকাটাই জলে গেছে। তিনি জানিয়েছেন, রাকিব খান ইভান কমলাপুর মাঠে খেলে চোট পেয়ে এখন বাইরে। ৩৬ লাখ টাকা চুক্তিতে ২৬ লাখ টাকা আগাম দেওয়া হয়েছিল। কিন্তু এই ফুটবলারের কাছ থেকে সার্ভিস পায়নি মোহামেডান। একটা ম্যাচ খেলেছে আমির হাকিম বাপ্পী। সেও ইনজুরিতে। এক ম্যাচ খেলেছেন। নিয়েছেন ১২ লাখ টাকা। প্রিন্স বললেন, ‘বাপ্পী আগামী মৌসুমে মোহামেডানে খেলবেন।’
